ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে অভিযান

ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে অভিযান

গাজীপুরের কালীগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার পুরাতন সোনালী ব্যাংক মোড়, বাসস্ট্যান্ড, বটতলা ও বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, যানজট নিরসন এবং এলাকার সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ অভিযান পরিচালিত হয়।

গতকাল বুধবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম এর নেতৃত্বে কালীগঞ্জ পৌর এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, টংঘর ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।

স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা জানান, কালীগঞ্জে প্রবেশদ্বার পুরাতন সোনালী ব্যাংক মোড়, বাসস্ট্যান্ড, বটতলা ও বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়কের একটি বড় অংশ অবৈধভাবে দখল করায় ফুটপাত দিয়ে পথচারীদের হাঁটার সুযোগ নেই।

বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে গিয়ে পথচারীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। তেমনি সড়কে তৈরি হতো তীব্র যানজট ও জনভোগান্তি। উচ্ছেদ অভিযানের ফলে এলাকাবাসী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম জানান, কালীগঞ্জের অন্যতম ব্যস্ত এ রাস্তায় যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এবং জনস্বার্থে পরিচালিত এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।

নগরবাসীর স্বার্থে কোনো অবৈধ দখল বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত