
নারায়ণগঞ্জের ফতুল্লায় মোতালেব হোসেন (৬১) নামে এক বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে অজ্ঞাত স্থানে হত্যার পর তার লাশ তোষকে মোড়ানো অবস্থায় সড়কের পাশে ফেলে রাখা হয় বলে জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স রোডের এমপি গলি সংলগ্ন সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।
নিহত মো. মোতালেব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকার ফারুক মিয়ার জাজিরা টাওয়ারের ষষ্ঠ তলায় বসবাস করছিলেন। তিনি মাসদাইর বাজারে একটি লাইব্রেরি ও বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করতেন।
নিহতের শ্যালক অবসরপ্রাপ্ত সার্জন মো. কামাল জানান, বুধবার (১ জুলাই) সকাল আটটায় বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি মোতালেব। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে রাতে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। বৃহস্পতিবার সকালে রাস্তার পাশে তোষকে মোড়ানো অবস্থায় লাশ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে মোতালেবের লাশ শনাক্ত করেন।
এদিকে নিহতের স্বজনরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবারই তাকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া শ্বাসরোধের পাশাপাশি গরম পানির ছ্যাঁকা দেওয়ারও আলামত পাওয়া গেছে।
তিনি আরো জানান, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন, জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে তোষকে পেঁচিয়ে রাস্তায় ফেলে রেখে গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।