
নেত্রকোনার কলমাকান্দায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা এক হাজার সাতশো পিস অবৈধ নেশাজাতীয় ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাবিয়া আক্তার ও মো. শামীম নামের দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। তবে অভিযানের সময় কৌশলে পালিয়ে যান মূলহোতা আশরাফ উদ্দিন নামের ব্যক্তি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাবিয়া আক্তার পুলিশকে জানায়, পালিয়ে যাওয়া আশরাফ উদ্দিন তার স্বামী এবং তার বাড়ি উপজেলার ছোট সালজান এলাকায়।
গতকাল বৃহস্পতিবার দায়ের মামলায় আটক দুই আসামিকে নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করা হয়ছে। এরআগে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ভিযানে নারীসহ ওই দুজনকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদকের বড় একটি চালান কলমাকান্দায় আনা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এসআই আব্দুল্লাহ আল নোমান। পরে তার নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়।