ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ইয়াবাসহ ২৬ মামলার আসামি গ্রেপ্তার

ইয়াবাসহ ২৬ মামলার আসামি গ্রেপ্তার

বাগেরহাট জেলার ফকিরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৪০১৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট হিসেবে পরিচিত মনির শেখ ওরফে মনি শেখসহ চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

এ সময় ইয়াবা বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে বাগেরহাটের পুলিস সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার তার দপ্তরে প্রেস ব্রিফিং এ এই তথ্য জানান। তিনি বলেন, বুধবার রাত আনুমানিক সাড়ে ৩টায় ফকিরহাট মডেল থানার বারাশিয়া মধ্যপাড়া এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তাররা হলেন- মামলার আসামি মনির শেখ (৪৭), তার সহযোগী সবুজ মিয়া ওরফে সবুজ (৩০), হাফিজুর রহমান মোল্লা ওরফে হাফিজুল (৩৭) এবং তৌহিদুল ইসলাম ওরফে শেখ তামিম (২০)। পুলিশ জানায়, গোপনসংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৭১ হাজার ৯২০ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার মনির শেখের বিরুদ্ধে ইতোমধ্যে ২৬টি মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গত সাত দিনে বাগেরহাট জেলায় পরিচালিত ধারাবাহিক পুলিশের অভিযানে মোট ৪০ জন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং আরও জোরদার করা হবে। একইসঙ্গে মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত