
দেবহাটার পারুলিয়া ইউনিয়নের ঘুরনচন্ডি এলাকার মৎস্য ঘেরে ডাকাতিকালে মৎস্য চাষিকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে আহত ইয়াদিন আলী মোল্যা নিশ্চিত করেছেন।
তিনি দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত সামসুদ্দিন মোল্যার ছেলে। এঘটনায় আহত ইয়াদিন আলীর ছেলে গোলাম আইয়ুব আজম বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার বিবরনে জানা গেছে, হামলার শিকার ইয়াদিন আলী প্রতিদিনের ন্যায় নিজের মৎস্য ঘেরে পাহারায় ছিলেন। ভোর রাত ৪টার দিকে পারুলিয়া পলগাদা এলাকার সফিকুল ইসলামের ২ ছেলে মোহাম্মদ আলী ও ওমর আলী এবং একই এলাকার মো. পুটুর ছেলে মো. লাদেন সংঘবদ্ধভাবে মাছের ঘেরে নেমে আটল থেকে মাছ ঝেড়ে নিতে থাকে।
এসময় ইয়াদিন আলী দেখতে পেয়ে এগিয়ে আসলে তার ওপর হামলা করে। ডাকাতদের মধ্যে পারুলিয়া পলগাদা এলাকার শফিকুল ইসলামের ছেলে মোহাম্মাদকে চিনে ফেললে ইয়াদিন আলী মোল্যাকে ধারালো দা এর কোপ মারে।
এতে তিনি গুরুতর আহত হয়ে পড়েন।
পরে তার চিৎকারে পাশের ঘেরের লোকজন ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় মৎস্য চাষী খায়রুল ইসলাম, মাসুদ রানা, ওহিদুল ইসলামসহ অনেকেই জানান, ডাকাতরা প্রায়ই গভীর রাত হলেই দেশীয় অস্ত্র নিয়ে ঘেরে প্রবেশ করে জোরপূর্বক মাছ লুট করে।
চোখের সামনে মাছ নিয়ে গেলেও তাদের হাতে থাকা অস্ত্রের মুখে কিছু করার থাকে না। দিনের পর দিন এভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে বলেও তারা জানান।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, অভিযোগ পেয়েছি।
বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।