
ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৪ কেজি গাঁজাসহ সাগর আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি ফরিদপুরের একটি রেইডিং টিম ফরিদপুর কোতোয়ালি থানার ধুলদী এলাকায় ফরিদপুর-রাজবাড়ী মহাসড়কে অভিযান চালায়। সকাল ৭টা ১৫মিনিট থেকে ৮টার মধ্যে পরিচালিত এ অভিযানে সাগর আহমেদকে আটক করা হয়।
ডিএনসি সূত্র জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা, একটি বাটন মোবাইল ফোন এবং একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়।
গ্রেপ্তার সাগর আহমেদ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মহিষকুন্ডি ডাকঘরের মাদারপুর গ্রামের বাসিন্দা। তিনি মোকলেছুর রহমান ও লুৎফুন্নেছার ছেলে।
এ ঘটনায় ডিএনসি ফরিদপুরের পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।