
টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু। গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে টঙ্গী পূর্ব থানাধীন ৪৫ নম্বর ওয়ার্ডের নদীবন্দর রোডের খাজা বাবা জামে মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো-জামালপুরের ইসলামপুর উপজেলার বেনওয়ার চর এলাকার আনিসুল হকের ছেলে শামীম (১৪) এবং নেত্রকোনার আটপাড়া উপজেলার সিরামপাশা এলাকার সাইফুল ইসলামের ছেলে আফনান (১৪)। তারা পরিবারের সঙ্গে টঙ্গীর বউবাজার এলাকায় ভাড়া বাসায় বাস করত। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রোববার দুপুরে স্থানীয় একটি মাঠে খেলাধুলা শেষে তুরাগ নদে গোসল করতে নামে তারা। গোসলের একপর্যায়ে তারা নদীর গভীরে চলে যায়।