ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার বিকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়নের চক নাওডুবি গ্রামের বাসিন্দা জাহিদ মাতুব্বরের ছেলে মোটরসাইকেলচালক মাহিম মাতুব্বর (২২) এবং একই গ্রামের কাওসার মাতুব্বরের ছেলে মোটরসাইকেল আরোহী রফিজুল মাতুব্বর (২২)।

এর মধ্যে মোটরসাইকেলচালক মাহিম মাতুব্বর ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত রফিজুল মাতুব্বরকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সাকুরা পরিবহনের একটি বাস বরিশাল থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল। অপরদিকে দুই আরোহী মোটরসাইকেলযোগে ভবুকদিয়া থেকে ফরিদপুরের দিকে আসছিল। ঢাকা-বরিশাল মহাসড়কের মাশাউজান এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির সামনে একটি ব্যাটারিচালিত রিকশাভ্যান পড়ে। এ সময় মোটরসাইকেলটি কড়া ব্রেক করতে গিয়ে মোটরসাইকেলের ২ আরোহী মহাসড়কের ওপর পড়ে যান। ওই সময় পেছন থেকে আসা সাকুরা পরিবহনের বাসটি ওই দুই আরোহীকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, সাকুরা পরিবহনের বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত