
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোভ্যানের সিটের নিচ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাঁজা বহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার জামতলা মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। অভিযান পরিচালনা করেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। আটক দুজন হলেন উপজেলার পাথরডুবি ইউনিয়নের গোলাপ হোসেন (৩২) ও সিরাজুল ইসলাম (২৩)। তাঁরা যথাক্রমে মজিবর হোসেন ও আব্দুর রহিমের ছেলে। পুলিশ জানায়, পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকা থেকে আসা একটি অটোরিকশাচালিত ভ্যানে তল্লাশি চালিয়ে সিটের নিচে রাখা তিনটি লাল প্যাকেটে মোড়ানো ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, পাথরডুবি ইউনিয়ন গাঁজা চোরাচালানের অন্যতম রুট হিসেবে পরিচিত।
এ কারণে ওই এলাকায় নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজা উদ্ধার ও দুইজনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হবে।