
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলী হোসেন নামে এক ফার্নিচার ব্যবসায়ীর হামলায় গুরুতর আহত উত্তরা ব্যাংক পিএলসির গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল কর্মকর্তা আরিফুল ইসলাম মারা গেছেন। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে গোপীনাথপুর বাজারের গ্রিন হেলথ হাসপাতালের সামনে হামলার ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিংলু পূর্বপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। অভিযুক্ত আলী হোসেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নোয়ামুড়া গ্রামের যোহর আলীর ছেলে। বিষয়টি জানিয়েছেন উত্তরা ব্যাংক পিএলসির গোপীনাথপুর শাখার সেকেন্ড অফিসার লোকমান হোসেন। অভিযোগ রয়েছে, পূর্ব বিরোধের জেরে ওই ফার্নিচার ব্যবসায়ী ধারাল অস্ত্র দিয়ে আরিফুল ইসলামের মাথা ও ঘাড়ে উপর্যুপরি আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ও ব্যাংকের সহকর্মীরা তাকে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়। কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।