
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র পুশইনের শিকার হয়ে চাঁপাইনবাবগঞ্জে পুলিশের হাতে আটক হওয়া শিশুসহ চার ভারতীয় নাগরিক অবশেষে দেশে ফেরত গেছেন। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্রাভেল পাসের মাধ্যমে তারা ভারতে যান।
ভারতীয় নাগরিকরা হলেন- পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারাই থানার ধিতরা গ্রামের বাসিন্দা সুইটি বিবি, তার দুই ছেলে কুরবান শেখ ও ইমাম দেওয়ান এবং দানিশ শেখ। এর আগে ওই সময় পুলিশের হাতে আটক হওয়া অন্ত:সত্ত্বা সোনালী বিবি তার সন্তানকে মানবিক বিবেচনায় ভারতে পাঠানো হয়েছিলো গত বছরের ৫ ডিসেম্বর। পুলিশ ও ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, ভারতীয় নাগরিক হওয়া সত্বেও বিএসএফ গত বছর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন করে। ওই বছরের ২০ আগস্ট পুলিশ চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকা থেকে অন্ত:সত্ত্বা সোনালী বিবিসহ ৬ জনকে আটক করে জেল হাজতে পাঠায়। বিষয়টি গণমাধ্যমে আসলে উভয় দেশে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আদালতের নির্দেশনায় ও মানবিক বিবেচনায় গত বছরের ৫ ডিসেম্বর অন্ত:সত্ত্বা সোনালী বিবিকে তার ৮ বছরের সন্তানসহ ভারত পাঠানো হলেও চাঁপাইনবাবগঞ্জের আদালতে মামলা বিচারাধীন থাকায় বাকী চার ফিরে যেতে পারেননি।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ জামিরুল ইসলাম জানান, গতকাল বিকালে ট্রাভেল পাসের মাধ্যমে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে চার ভারতীয় নাগরিককে ভারতে পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে। এ সময় সোনামসজিদ ইমিগ্রেশনে রাজশাহীস্থ ভারতের সহকারী হাইকমিশনারসহ বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।