ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জ শহরে সিসি ক্যামেরা বিকল

সিরাজগঞ্জ শহরে সিসি ক্যামেরা বিকল

সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্থানে স্থাপিত আধুনিক সিসি ক্যামেরাগুলো দীর্ঘদিন ধরে বিকল হয়ে রয়েছে। ফলে সংগঠিত অপরাধে জড়িতদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এতে অপরাধ প্রবণতা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ এবং অপরাধীদের শনাক্ত করার লক্ষ্যে শহর ও শহরতলির গুরুত্বপূর্ণ স্থানে এসব সিসি ক্যামেরা স্থাপন করা হয়। ২০২১ সালে পুলিশ প্রশাসন বিপুল অর্থ ব্যয়ে এ ক্যামেরাগুলো স্থাপন করে। বিশেষ করে শহরের গুরুত্বপূর্ণ ৬৫টি পয়েন্টে উচ্চ রেজুলেশনের ১০০টি আধুনিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়। পুলিশ সুপারের কার্যালয়ের মনিটরিং সেল থেকে এসব ক্যামেরা পর্যবেক্ষণ করা হতো। এর ফলে বিভিন্ন ধরনের অপরাধীরা ভীত থাকত এবং চুরি, ছিনতাই, ইভটিজিংসহ নানা অপরাধ প্রবণতা হ্রাস পায়। কিন্তু দীর্ঘদিন ধরে ক্যামেরাগুলো বিকল হয়ে থাকলেও সেগুলো সচল করার উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এরইমধ্যে সম্প্রতি শহরের বাহিরগোলা রোডে প্রকাশ্যে এক কলেজছাত্রকে হত্যা এবং বিভিন্ন স্থানে নানা ধরনের অপরাধ সংঘটিত হয়েছে। ক্যামেরাগুলো অকেজো থাকায় কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধী চক্র মাথাচাড়া দিয়ে উঠছে বলে স্থানীয়দের অভিযোগ। দ্রুত ব্যবস্থা নেওয়া হলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না বলে মনে করছেন তারা। তবে পুলিশের বিশেষ তৎপরতায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সদর থানার ওসি রাকিবুল হাসান আলোকিত বাংলাদেশকে বলেন, ‘সিসি ক্যামেরা বিকল হওয়ায় শহর এলাকায় পুলিশ প্রশাসনের তৎপরতা এরইমধ্যে জোরদার করা হয়েছে। বিশেষ করে চায়না বাঁধ, হার্ডপয়েন্ট, শহর ও শহরতলির গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল অব্যাহত রয়েছে।

এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া সিসি ক্যামেরা বিকলের বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, সুষ্ঠু তদারকির অভাবে সিসি ক্যামেরাগুলো অকেজো হয়ে গেছে। এতে শহরের ব্যবসায়ী ও বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশের পাশাপাশি পৌরসভারও উচিত দ্রুত সিসি ক্যামেরাগুলো সচল করার ব্যবস্থা নেওয়া। সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সম্প্রতি পুলিশ সুপারের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে সিসি ক্যামেরাগুলো সচল করার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও ওসি সদর দায়িত্ব নিয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ চৌধুরী বলেন, সিসি ক্যামেরা বিকলের বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত