
ময়মনসিংহের মুক্তাগাছায় পানিতে ডুবে তানজিনা (৭) ও মারিয়া খাতুন (৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বেরুলিয়া উত্তরপাড়া এলাকার কচুয়া বিল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত তানজিনা ওই এলাকার আজিজুল হক ও মুন্নি আক্তারের মেয়ে এবং মারিয়া খাতুন একই এলাকার মো. মাসিদুল ইসলাম ও মনোয়ারা বেগমের মেয়ে। স্থানীয়রা জানান, শিশুরা সম্পর্কে প্রতিবেশী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল থেকেই দুই শিশু নিখোঁজ ছিল। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি। একপর্যায়ে সন্ধ্যায় বাড়ির পূর্ব পাশে অবস্থিত কচুয়া বিলে দুই শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে পরিবারের লোকজন দ্রুত বিল থেকে তাদের উদ্ধার করে।