ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

কক্সবাজারে বন্যার্তদের পাশে বিজিবি

কক্সবাজারে বন্যার্তদের পাশে বিজিবি

টানা বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ত্রাণসামগ্রী। সংকটের এই সময়ে পাওয়া সহায়তা কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে বন্যার্ত পরিবারগুলোর মধ্যে।

গতকাল রোববার উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীনস্থ হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ কোনাপাড়া গ্রামের বন্যার্ত পরিবারের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

উখিয়া ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যার্তদের হাতে সহায়তা তুলে দেন বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। ত্রাণ বিতরণকালে কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, সাম্প্রতিক বন্যায় সীমান্তবর্তী এলাকার অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগের এই সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে বিজিবির পক্ষ থেকে ২০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক সংকটে মানুষের পাশে থাকাও আমাদের দায়িত্বের অংশ।

তিনি আরও বলেন, সীমান্তের মানুষ বিজিবির ওপর আস্থা রাখে এবং বিভিন্ন কাজে বিজিবিকে সহযোগিতা করে। তাদের দুর্দিনে পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও সীমান্তবর্তী অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে বিজিবির এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।

তাছাড়া কক্সবাজার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলা গুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

বন্যায় ঘরবাড়ি ও দৈনন্দিন জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হওয়ায় সীমান্তবর্তী অনেক পরিবার দুর্ভোগের মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে বিজিবির দেওয়া ত্রাণসামগ্রী বন্যার্ত পরিবারগুলোর তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে কিছুটা সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাসুদ রানা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা।

বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তবর্তী জনপদে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দুর্যোগ ও সংকটের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সীমান্তবর্তী জনগণের ‘আস্থার প্রতীক’ হিসেবে কাজ করার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত