
নারায়ণগঞ্জের আলোচিত দুটি ডাকাতি মামলায় ডাকাত দলের দুই সর্দারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জাপান প্রবাসী দম্পত্তির লুণ্ঠিত সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার ও আনসার সদস্যদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি শটগান উদ্ধার করা হয়। গতকাল সোমবার (১৩ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। পুলিশ জানায়, গত ৮ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় এক জাপান প্রবাসীর গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা ৩০ লাখ টাকার ১৫ ভরি স্বর্ণালংকার ও মালামাল লুট করে নিয়ে যায়। তদন্তে নেমে চট্টগ্রাম থেকে ডাকাত সর্দার কবির হোসেন (৪০), জুয়েল (২৬), সজিব (২৯), শাকিল (২৬) নামে চার ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যে সোনারগাঁয়ের মাগুড়া এলাকা থেকে লুণ্ঠিত স্বর্ণ ও মালামাল উদ্ধার করা হয়। অন্যদিকে, গত ২ জুলাই বন্দরের ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রে সংঘবদ্ধ ডাকাত দল হামলা চালিয়ে দায়িত্বরত আনসার সদস্যদের কাছ থেকে দুটি শটগান লুট করে নিয়ে যায়। ঘটনার পর তদন্তে নামে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একপর্যায়ে রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার ফারুক হোসেন ওরফে আইস ফারুক (৩৭) কে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে একটি শটগান উদ্ধার করা হয়। পুলিশ সুপার জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।