
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মহিলা ক্লাবের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উৎসাহিত ও সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে শিক্ষা উপকরণ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজশাহীর কাজলা ফুলতলায় অবস্থিত বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাবের সদস্যরা বিদ্যালয়ের শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের হাতে শিক্ষা উপকরণ ও উপহার সামগ্রী তুলে দেন। এ সময় শিশুরা নৃত্য, গান ও কবিতা পরিবেশন করলে উপস্থিত অতিথিরা মুগ্ধ হন। পুরো অনুষ্ঠানটি আনন্দঘন ও আবেগময় পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাবের সভাপতি সানজিদ আহমেদ, সাধারণ সম্পাদক নুসরাত জাহান রানী, কোষাধ্যক্ষ শাকিলা হোসেন, যুগ্ম সম্পাদক প্রফেসর ড. শামীমা নাসরিন সীমা প্রমুখ।