
ময়মনসিংহের আলোচিত দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই রায়ে মামলার আরও ১০ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দীর্ঘ ১৩ বছর আইনি প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আজ এই রায় ঘোষণা করা হয়। গতকাল বুধবার ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস আদালতে এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০ আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মো. ফরিদ খলিফা ও মো. মাসুদ মিয়া। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আ. মতিন, আব্দুস ছামাদ, মো. মোসারফ হোসেন মোসা, মো. মোফাজ্জল হোসেন মোসা, মো. তোফাজ্জল হোসেন তোফা, মো. নাজমুল মিয়া, মো. মোকলেছুর রহমান, মো. শাহজাহান আকন্দ, মো. আতিকুল ও মো. সিদ্দিক মিয়া।
আদালত সংশ্লিষ্টরা জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ১২ আসামির মধ্যে ১০ জন আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্তদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. মাসুদ মিয়া এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. সিদ্দিক মিয়া বর্তমানে পলাতক রয়েছেন। মামলার বিবরণী থেকে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০১৩ সালের ১৪ আগস্ট ময়মনসিংহের ভালুকা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক আবু জাকারিয়া মিন্টুকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে প্রতিপক্ষরা।
হত্যাকাণ্ডের পরদিন ১৫ আগস্ট নিহতের স্ত্রী লতিফা খাতুন বাদী হয়ে ভালুকা থানায় ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।