
আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৯জন ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারিত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
গতকাল বুধবার প্রেস রিলিজের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম ।
এর আগে গত মঙ্গলবার রাত ৯টার দিকে আশুলিয়ার নবীনগর স্মৃতিসৌধের সামনে জয় রেস্তোরার পার্কিং মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আশুলিয়ার নবীনগর স্মৃতিসৌধের সামনে জয় রেস্তোরার সামনে একদল ডাকাত, ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল পরে আমারা অভিযান চালিয়ে আন্ত জেলা ডাকাত দলের সরদারসহ মোট নয় জন পেশাদার ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করি, এসময় তাদের কাছ থেকে ১ টি নীল রংয়ের স্কয়ার নোহা গাড়ি, ৩ টি ডিবি লেখা কটি, ১ টি হ্যান্ডকাপ, ২টি খেলনা পিস্তুল, ২ টি ইলেকট্রিক শক মেশিন, ৩ টি স্টীলের ধারালো সুইচ গিয়ার ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- শামীম রেজা, জাহাঙ্গীর হোসেন, মো. রাশেদ, পলাশ শেখ, কামাল হোসেন, মো. সোহাগ ওরফে আব্দুল্লাহ, কামরুল হোসেন, মনিরুল ইসলাম ও মো. রাসেল। আসামিরা আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় ভাড়া থেকে ডিবি ও র্যাব পরিচয়ে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল বলেও জানায় পুলিশ।