
নরসিংদীর পলাশে বালু ব্যবসায়ীর কানে কামড় দিয়ে আহত করার ঘটনায় বিএনপির সেই নেতাসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আরো ১০/১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে পলাশ থানায় এই মামলা দায়ের করেন মেসার্স সজিব ট্রেডার্সের সত্তাধিকারী সজিব মিয়া।
মামলার বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে, দেশের স্বনামধন্য টিকে গ্রুপের নির্মাণার্ধীন সাইটে বালু সরবরাহ করার জন্য পার্শবর্তী গাজীপুর জেলার কালিগঞ্জের সাখাওয়াত হোসেনকে দায়িত্ব প্রদান করা হয়। গত সোমবার বিকালে তিনি দায়িত্ব পালন শেষে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে পৌঁছালে অভিযুক্ত ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার নির্দেশে একদল সন্ত্রাসী সাখাওয়াত হোসেনকে তুলে নিয়ে বিএনপি নেতার বাড়িতে যায়। সেখানে তাকে এলোপাতারি কিল-ঘুষিতে আহত করার পাশাপাশি বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়াসহ তার লোকজন কামড় দিয়ে গুরুত্বর আহত করে। সেইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে ড্রেজার মেশিন সরিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার ভয় দেখিয়ে ছেড়ে দেয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা দেয়া হয় ব্যবসায়ীকে ।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আল-মামুন জানান, ব্যবসায়ীকে আহত করার ঘটনায় পলাশ থানায় মামলা গ্রহণ করা হয়েছে। এতে বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়াকে প্রধানসহ ১১ জনকে আসামি করা হয়েছে। আরো অজ্ঞাত ১৫/২০জনকে অভিযুক্ত করা হয়েছে।