
নেত্রকোনার মদন উপজেলায় বিভিন্ন হাওরে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। গতকাল বুধবার বিকালে উপজেলার গোবিন্দশ্রী ও উচিতপুর হাওরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নাদীর হোসেন শামীম। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দশ্রী ও উচিতপুর হাওরে অভিযান চালানো হয়। এ সময় চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা। অভিযান শেষে উপজেলা চত্বরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান মিজান, সহকারী মৎস্য কর্মকর্তা সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।