ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ফাটলধরা দেয়াল অপসারণে ব্যবস্থা নিলেন চসিক মেয়র

ফাটলধরা দেয়াল অপসারণে ব্যবস্থা নিলেন চসিক মেয়র

চট্টগ্রাম নগরের ২০ নম্বর দেওয়ানবাজার ওয়ার্ডের ঘাটফরহাদবেগ এলাকায় ঝুঁকিপূর্ণ একটি ফাটলধরা দেয়াল অপসারণে নিজ উদ্যোগে ব্যবস্থা গ্রহণ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। জানা যায়, সম্প্রতি ওই এলাকায় একটি ভবনের দেয়ালে বড় ধরনের ফাটল দেখা দিলে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট ডেভেলপার কোম্পানিকে অবিলম্বে ঝুঁকিপূর্ণ দেয়ালটি ভেঙে অপসারণের নির্দেশ দেন। এ সময় ডেভেলপার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দ্রুত দেয়ালটি অপসারণের আশ্বাস দেন।

কিন্তু এক সপ্তাহ অতিবাহিত হলেও প্রতিশ্রুতি অনুযায়ী কোনো ব্যবস্থা গ্রহণ না করায় জননিরাপত্তার স্বার্থে আজ পুনরায় ঘটনাস্থলে যান মেয়র ডা. শাহাদাত হোসেন। সেখানে তিনি নিজ উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগকে নিয়ে ঝুঁকিপূর্ণ দেয়াল অপসারণ কার্যক্রম শুরু করান এবং পুরো কার্যক্রম তদারকি করেন।

এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরবাসীর জীবন ও সম্পদের নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দায়িত্বে অবহেলা করলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ঝুঁকিপূর্ণ স্থাপনা দ্রুত অপসারণ করে সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

স্থানীয় বাসিন্দারা মেয়রের তাৎক্ষণিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের ঝুঁকি দূর হওয়ায় তারা স্বস্তি ফিরে পেয়েছেন। জননিরাপত্তা নিশ্চিত করতে মেয়রের সরাসরি উপস্থিতি ও দ্রুত পদক্ষেপের প্রশংসাও করেন তারা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন জানিয়েছে, নগরীর বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ ভবন ও স্থাপনা চিহ্নিত করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত