
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় গতকাল বৃহস্পতিবার দেশজুড়ে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে।
গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহিদদের স্মরণে দিনটি রাষ্ট্রীয় মর্যাদায় পালন করা হয়।
রংপুর : রংপুরে জুলাই শহিদ দিবস, ২০২৬ পালন উপলক্ষ্যে বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাসিবুর রশীদ।
প্রধান অতিথির বক্তৃতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, জুলাই একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অধ্যায়। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করেই বর্তমান সরকার দেশ পরিচালনা করছে এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, তাদেরও এই চেতনা লালন করতে হবে। মন্ত্রী আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নের জন্য সরকার ‘জুলাই অধিদপ্তর’ গঠন করেছে।
শহিদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদের নামে একটি গেট, একটি হল, স্মৃতিস্তম্ভ এবং অন্যান্য স্থাপনা নির্মাণ করা উচিত। তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে জাতীয় ঐক্য প্রয়োজন। এলক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই একটি সুন্দর, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে তৎকালীন ফ্যাসিবাদী সরকার ও তার দলীয় ছাত্রসংগঠন নিরীহ ও নিরস্ত্র ছাত্র-ছাত্রীদের ওপর দমন-পীড়ন চালিয়েছিল। যার ফলশ্রুতিতে সংঘটিত হয়েছে এই জুলাই গণঅভ্যুত্থান। আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত ও পূর্ণাঙ্গভাবে কার্যকর করার দাবি জানিয়ে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীর শাস্তি নিশ্চিত করা হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠাই হবে শহিদ আবু সাঈদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, সংরক্ষিত মহিলা আসনের (৩৩৬)-এর সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন প্রমুখ।
স্মরণসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আশরাফুল ইসলাম, রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল: টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালন করা হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। দিবসের কর্মসূচির মধ্যে ছিল- স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধানিবেদন, দোয়া ও মোনাজাত, আলোচনা সভা ইত্যাদি। সকালে টাঙ্গাইল জেলা সদরের হেলিপ্যাড মাঠ সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের পর দোয়া ও মোনাজাতকরা হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যেরমধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমারমহন্ত, পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু প্রমুখ।
চাঁদপুর: চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, জুলাই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা। সভায় জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন জুলাই যোদ্ধা সাজ্জাদের পিতা জসিম রেজা। এছাড়া বক্তব্য দেন জিয়াউর রহমান সোহাগ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মামুন খান, সদস্য ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. জিহাদ হোসেন, গাজী বাহার, জুলাই যোদ্ধা নাজমুত সালাত সাকিব এবং সাগর হোসেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, জেলা জজ আদালতের পিপি অ্যাড. কোহিনুর আক্তার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
মুন্সীগঞ্জ : দিবসটি উপলক্ষ্যে জুলাই স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ বিনির্মাণের প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন।
দিনাজপুর : দিনাজপুরে বিভিন্ন আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, জুলাই শহিদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত ইত্যাদি। বৃহস্পতিবার দিনাজপুর জিমনেমিয়ামের সামনে স্থাপিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানসহ বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মখলেসুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. গোলাম রাসুল রাখি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মুকশেদ আলী মঙ্গলিয়া, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলাউদ্দীন আল আজাদ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মতিউর রহমান কাসেমী, এনসিপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিনহাজ জামান, জেলা জাসাসের আহ্বায়ক আখতারুজ্জামান আখতার, শহিদ সুমন পাটোয়ারির বাবা, জুলাই শহিদ রুদ্রের বাবা সবীর চন্দ্র, ছাত্র প্রতিনিধি মেশকাত আরেফিন শাকিল জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ফরিজার রহমান তপু, ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা শাখার আহ্বায়ক মো. শাহিন প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ: জুলাই বিপ্লবের বীর শহিদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। সকালে চাঁপাইনবাবগঞ্জের কালেক্টরেট এলাকার ফুড অফিস মোড়স্থ- জুলাই স্মৃতিস্তম্ভে শহিদ পরিবার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে। শ্রদ্ধা নিবেদন শেষে দেশের জন্য আত্মোৎসর্গকারী শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এদিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন এবং শহিদদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সভায় বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গি, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডা. শাহাব উদ্দিন, শহিদ তারেক হোসেনের বাবা আসাদুল ইসলাম, জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা মো. সাগর আহমেদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক আহ্বায়ক আব্দুর রহিম প্রমুখ।
কুষ্টিয়া: জুলাই শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে মধ্যদিয়ে কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় “জুলাই শহিদ দিবস” পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শহিদ আবরার ফাহাদ স্টেডিয়ামসংলগ্ন ‘৩৬শে জুলাই শহিদ স্মৃতিসৌধে’ জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান। এ সময় জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন এবং পুলিশ সুপার মো. জসীম উদ্দীন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মো. কুতুব উদ্দিন আহমেদ, সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার উপস্থিত ছিলেন। পরে জেলা পুলিশ, জুলাইযোদ্ধা, শহিদ পরিবারের সদস্য এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এরপর স্টেডিয়ামের সুইমিং পুল ক্যাফেটেরিয়ায় জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, পুলিশ সুপার মো. জসীম উদ্দীন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মো. কুতুব উদ্দিন আহমেদ, সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মুজাক্কির রাব্বি, জুলাইযোদ্ধা উল্লাস হোসেন ও তাজমুল ইসলাম, শহিদ পরিবারের সদস্য সুজন মাহমুদ, সীমা খাতুন, সেলিম রেজা ও আশরাফুল আলম, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর, এনসিপি নেতা আব্দুল হালিম এবং জেলা জামায়াতে ইসলামীর আমির খন্দকার এ কে এম আলী মহাসিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিরা।
শেরপুর : জেলা শহরের শহিদ দারোগ আলী পার্ক সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহিদ দিবস এর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, শেরপুর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, বিএনপি নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ জুলাই যোদ্ধা, জুলাই শহিদ পরিবার সদস্য এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ফেনী: ফেনীতে ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় জুলাই শহিদদের স্মরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষ্যে জেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে নানা আয়োজন করা হয়। সকালে শহরের ট্রাংক রোডে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। সকালে প্রথমে জেলা প্রশাসক মনিরা হক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা পুলিশ, জেলা পরিষদ, ফেনী পৌরসভা, উপজেলা পরিষদ, সরকারি কলেজ, গণপূর্ত বিভাগ, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জেলা সড়ক ও জনপদ অফিস, জেলা আনসার ও ভিডিপি, জেলা মৎস্য অফিস, জেলা প্রাণিসম্পদ অফিস, জেলা তথ্য অফিস, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা নির্বাচন অফিস, জেলা শিক্ষা অফিস, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা শিল্পকলা একাডেমি, জেলা খাদ্য অফিস, জেলা সমাজসেবা অফিস, জেলা সমবায় অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর এবং ফেনী পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধা জানায়। এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ : যথাযোগ্য মর্যাদা ও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে ১৬ জুলাই শহিদ দিবস। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ৮টায় নারায়ণগঞ্জের হাজীগঞ্জ জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, রাজনৈতিক নেতারা, জুলাই শহিদদের অভিভাবক, আহত জুলাই যোদ্ধা ও জুলাই যোদ্ধারা। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও ফুলেল শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই যোদ্ধাদের নিয়ে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে সহিদ আবু সাঈদ, চট্টগ্রামের সহিদ মোহাম্মদ ওয়াসিম আকরামসহ কমপক্ষে ৬ জন শহিদ হন। রংপুরে দুই হাত প্রসারিত করে বুক পেতে দেওয়া শহিদ আবু সাঈদের সেই দৃশ্য গণতন্ত্রকামী মানুষের মনে তীব্র ক্ষোভের জন্ম দেয়। সেই ক্ষোভ থেকে আন্দোলন আরো চাঙ্গা হয়।
তিনি আরও বলেন, ১৬ জুলাই ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ। শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ। এবং আপনাদের যে কোন সমস্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন পাশে আছে।
এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে জেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহিদদের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল আমিন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশিকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মাইনুদ্দিন, এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, এনসিপির মহানগরের সাংগঠনিক সম্পাদক জাবেদ আলমসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আহত জুলাইযোদ্ধা ও তাদের পরিবার, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বগুড়া: জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে বগুড়া জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান জুলাই শহিদ স্মৃতি স্তম্ভে পুষ্প মাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে নগরীর জিরো পয়েন্ট সাতমাথায় জুলাই শহিদ স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসনের উদ্যোগে পুস্মমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ, স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপপরিচালক রাজিয়া সুলতানা, মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, শহীদ রাতুলের বাবা জিয়াউর রহমান। জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে নাহিদুজ্জামান, চাঁদ আলী, ফয়সাল, ফরহাদ শেখ, শিহাব উদ্দিন প্রমুখ পুস্প মাল্য অর্পন করেন। পরে জেলা বিএনপি, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, মহানগর বিএনপি সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করে। এরপর শহিদ টিটু মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাউখালী (পিরোজপুর) : পিরোজপুরের কাউখালী উপজেলায় শহিদদের স্মৃতিচারণ ও মাগফেরাত কামনা করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান। সভায় জুলাই আন্দোলনে সম্মুখসারিতে থাকা কাউখালীর দুই তরুণ ইসমাইল হোসেন, পলাশ আহমেদ, ও মিনহাজুল ইসলাম তাদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। বক্তারা জুলাই শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. দীন মোহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার, সমাজসেবা কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আরিফ রহমান, হাফিজুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতারা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
মির্জাগঞ্জ (পটুয়াখালী) : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জুলাই উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রাসেল মুন্সী, উপজেলা কৃষি অফিসার আপনি তো আপনি তো আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজী, বিএনপির নেতা মনির খন্দকার, জামায়াতে ইসলামের আমির সিরাজুল হক, সেক্রেটারি মো. শাহজাহান, এবং নিহত ও আহত জুলাই যোদ্ধা, এবং তাদের পরিবার। অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে নিহত শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আহত জুলাই যোদ্ধা মো. জসিম ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভুত্থানে আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। মির্জাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল তিনি তার বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে, এবং আহত হয়েছে তাদের ঋণ কোনোদিন শোধ করা যাবে না। তাদের অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নিরস্ত্র আবু সাঈদের ওপর পুলিশের গুলিবর্ষণ এর বর্ণনা করতে গিয়ে তিনি আবেক আপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনের সকল নিহত আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দেবহাটা (সাতক্ষীরা): দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ দিবসপালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। দেবহাটা উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাও. অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, জুলাই আন্দোলনে দেবহাটা শহিদ আসিফের গর্বিত পিতা মাহমুদ আলম, দেবহাটা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাজেদুর রহমান, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দেবহাটা উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সাত্তার, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান ফরহাদ, জুলাই আন্দোলনে দেবহাটার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মুজাহিদ বীন ফিরোজ, সদস্য সচিব আব্দুল্লাহসহ বিভিন্ন ছাত্র নেতারা। সভায় ২০২৪ এর জুলাই আন্দোলনে নিহত ও আহত সকল শহিদ এবং দেবহাটার শহিদ আসিফকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
ডোমার(নীলফামারী) : নীলফামারীর ডোমারে জুলাই শহিদ দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নিজস্ব হলরুমে সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীর সভাপতিত্বে ও অ্যাকাডেমিক সুপারভাইজার শাফিউল ইসলামের সঞ্চালনায় কৃষি কর্মকর্তা কৃষিবীদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, প্রেস ক্লাব সভাপতি মোজাফ্ফর আলী, পৌর বিএনপি‘র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, জামায়াতে ইসলামী’র উপজেলা ও ইউনিয়ন নেতারা, এনসিপি নেতারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জুলাই আন্দোলনে সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ): জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি মান্নান জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে বলেন, আন্দোলনের সূচনালগ্নে নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সে সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে তাকে রক্ষা করার চেষ্টা করেন। এ সময় তার মাথার ওপর দিয়ে যাওয়া একটি গুলি শাওন নামে এক আন্দোলনকারীর শরীরে বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনাই পরবর্তীতে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, জুলাই বিপ্লবের শহিদ ও আহতদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্দোলনের সব শহিদ ও আহতদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। সোনারগাঁয়ে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের প্রসঙ্গ তুলে এমপি মান্নান জানান, উপজেলায় তিনজন শিক্ষার্থী শহিদ হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। তাদের তালিকা উপজেলা প্রশাসনের কাছে সংরক্ষিত রয়েছে। তিনি আশ্বাস দেন, সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে শহিদ পরিবার ও আহতদের অগ্রাধিকার নিশ্চিত করতে তিনি উদ্যোগ নেবেন। স্মরণসভা শেষে জুলাই আন্দোলনের শহিদদের রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, জামায়াত নেতা খোরশেদ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনারগাঁ শাখার সভাপতি ফারুক আহমেদ মুন্সী, জাতীয় যুবশক্তির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল ও কাউসার আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।