
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি-মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা সংলগ্ন স্থানে পৃথক পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ এবং মো. মামুন আহম্মেদ নামে এক জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় দাউদকান্দি-মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা সংলগ্ন স্থানে ঢাকাগামী লেনে পৃথক পৃথক অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক জনকে গ্রেপ্তার করা হয় এবং ১০৫ কেজি গাঁজাসহ অজ্ঞাত চালকের মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করেছে পুলিশ। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার এসআই আবুল কাওসার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দাউদকান্দি-মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা সংলগ্ন স্থানে বিশেষ অভিযানে ঢাকাগামী লেনে একটি পিকআপ গাড়ির চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত পিকআপ গাড়ির চালক গাড়িটি থামিয়ে পালিয়ে যায়। এসময় পিকআপে তল্লাশি চালিয়ে কস্টটেপ দিয়ে মোড়ানো ২১টি প্যাকেটে ১০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ করেছে পুলিশ। অপরদিকে সকাল পৌনে ৭টায় ঢাকাগামী আল বারাকাহ পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মো.মামুন আহম্মেদ নামে এক জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত- মামুন আহম্মেদ কুমিল্লার কোতয়ালী থানার পাঁচথুবী এলাকার পালিত পিতা জামাল মিয়ার ছেলে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দাউদকান্দি টোলপ্লাজা সংলগ্ন স্থানে ঢাকাগামী লেনে পৃথক পৃথক অভিযানে তল্লাশি চালিয়ে মোট ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মামুন আহম্মেদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।