
নরসিংদীর রায়পুরায় বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকার নুরুজ্জামানের মেয়ে জান্নাতী আক্তার (৮) ও চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার সাদ্দাম মিয়ার মেয়ে লামিয়া আক্তার রিতা (৭)। নিহত জান্নাতী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং লামিয়া একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে নানাবাড়িতে বেড়াতে এসেছিল লামিয়া।
পরে ওই এলাকার এক শিশু জান্নাতীর সঙ্গে বাড়ির পাশের একটি বিলে গোসল করতে নামে।
একপর্যায়ে সাঁতার না জানায় তারা দুজনই পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজির পর তাদেরকে বিলের পানি থেকে উদ্ধার করে দ্রুত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত জান্নাতীর দাদা আবুল কালাম জানান, তার নাতনি ও বেড়াতে আসা আরেকটি শিশু একসঙ্গে বিলে গোসল করতে নেমেছিল।
সেখানেই তারা পানিতে ডুবে মারা যায়।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শীলা বলেন, দুপুর ১২টার দিকে পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছিল। উল্লেখ্য গত বৃহস্পতিবার উপজেলার বড়কান্দা এলাকায় খালের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়। যা এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, এক দিনের ব্যবধানে উপজেলার দুটি পৃথক স্থানে ছয় শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।