
সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষি উপকরণ বিতরণে অনিয়মের অভিযোগের পর সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্রকে স্ট্যান্ড রিলিজ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
গত বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক আদেশে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। আদেশে আগামী ২২ জুলাইয়ের মধ্যে সিলেটের জকিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে। মো. আবু সাঈদ শুভ্র চলতি বছরের ১৬ জুন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে ২৯ জুন সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে নারিকেল গাছের চারা, বাঁশের খুঁটি ও জৈব সার বিতরণ করা হয়। এরপর গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ করা হয়, সরকারি বরাদ্দ অনুযায়ী প্রতি কৃষকের জন্য ৫টি বাঁশের খুঁটি ও ১৫০ কেজি গোবরভিত্তিক জৈব সার দেওয়ার কথা থাকলেও বাস্তবে নিম্নমানের বাঁশের খুঁটি এবং কম মূল্যের বিকল্প সার বিতরণ করা হয়েছে। এতে সরকারি অর্থের অপচয় ও অনিয়মের অভিযোগ ওঠে।
এসব অভিযোগ প্রকাশের পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিষয়টি তদন্ত শুরু করে। তদন্ত চলাকালেই সংশ্লিষ্ট কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজের আদেশ দেওয়া হয়েছে। এর আগে অভিযোগের বিষয়ে মো. আবু সাঈদ শুভ্র লিখিত প্রতিবাদে দাবি করেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, সরকারি বিধি-বিধান ও নীতিমালা অনুসরণ করেই কৃষি উপকরণ সংগ্রহ ও বিতরণ করা হয়েছে। গোবর সার তাৎক্ষণিকভাবে সরবরাহ করা সম্ভব না হওয়ায় সমমূল্যের ট্রাইকো কম্পোস্ট বিতরণ করা হয়েছে এবং এতে কোনো অনিয়ম হয়নি। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানান।