
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একাডেমিক সাফল্যের প্রায় সব সূচকেই পুরুষ শিক্ষার্থীদের ছাড়িয়ে যাচ্ছেন নারী শিক্ষার্থীরা। সিজিপিএ, ডিনস অ্যাওয়ার্ড, গবেষণা, প্রেজেন্টেশন ও বিভিন্ন একাডেমিক কার্যক্রমে তাদের সাফল্য এখন স্পষ্ট। বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম ডিনস অ্যাওয়ার্ডে সেরা ১০ শিক্ষার্থীর মধ্যে ৯ জনই নারী। এছাড়া ৫৯টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটের ফল বিশ্লেষণে দেখা গেছে, প্রায় ৪১টি বিভাগে নারী শিক্ষার্থীদের গড় সিজিপিএ পুরুষদের তুলনায় বেশি। শিক্ষকদের মতে, নিয়মিত ক্লাসে উপস্থিতি, পরিকল্পিত পড়াশোনা, সময়ানুবর্তিতা এবং অ্যাসাইনমেন্ট-প্রেজেন্টেশনে গুরুত্ব দেওয়ার কারণে নারী শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফল করছেন। পাশাপাশি পরিবার ও সমাজে নারীদের শিক্ষার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গিও এ সাফল্যে ভূমিকা রাখছে। ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মমতাজ ফারজানা তিথি বলেন, নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের দিকনির্দেশনা ও পরিবারের সহযোগিতাই এ অর্জনের মূল ভিত্তি। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বর্ষা রাণী মণ্ডল বলেন, পরিকল্পিত পড়াশোনা ও নিয়মিত ক্লাসে অংশগ্রহণের ফলেই এ সাফল্য এসেছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, নারী শিক্ষার্থীদের এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক একাডেমিক সংস্কৃতির প্রতিফলন। আর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম বলেন, এটি কোনো আকস্মিক ঘটনা নয়; ধারাবাহিক পরিশ্রম ও শৃঙ্খলার ফল। উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, নারী শিক্ষার্থীদের এই অর্জন শুধু পরিসংখ্যান নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নেরও প্রতিফলন।