
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি আবাসিক মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন পর ২ শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ, অভিভাবক ও মাদ্রাসার কর্তৃপক্ষ। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল শনিবার সকাল ১০ টা দিকে ঢাকার-সাভার এলাকার একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন ও মাদ্রাসা কর্তৃপক্ষ ২ শিক্ষার্থীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, ওই ২শিক্ষার্থী সাটুরিয়ার ‘জামিয়া জয়নব বিনতে জাহাশ (রা.) সৈয়দা গুলজান বেগম মহিলা মাদ্রাসা’র আবাসিক শাখায় লেখাপড়া করত। গত ৩ জুলাই দুপুরে নিজেদের পরিচয় গোপন করে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর ১৫ দিন অতিবাহিত হয়ে গেলেও তারা আর মাদ্রাসায় কিংবা নিজ বাড়িতে ফিরে আসেনি। মাদ্রাস কর্তৃপক্ষ ও তাদের অভিভাবকরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না মেলায় গত ৯ জুলাই সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষ তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চালায়। দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার তাদের অবস্থান জানা যায়। তাদের পরিবার এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে সাভারের একটি আবাসিক ভবন থেকে তাদেরকে উদ্ধার করে। পরিবার সূত্রে জানা যায় তারা ওখানে চাকরির কথা বলে একটি বাসা ভাড়া নেয় এবং সেখানে আত্মগোপনে দীর্ঘ এই ১৫ দিন অতিবাহিত করে। নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা জানান, গত ১৫ টা দিন তারা চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে কাটিয়েছেন।