
রাজধানীর উপকন্ঠ সাভারে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন কথিত পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রোববার রাতে সাভার মডেল থানার বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার আউকপাড়া এলাকার আব্দুর রহিম (২২), মুন্সীগঞ্জের শ্রীনগরের বালাশুর এলাকার মেহেদী হাসান রিমন (২৫) এবং সাভারের বক্তারপুর বেদেপাড়া এলাকার মো. আফসার হোসেন (৫০)।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় গত রোববার রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম এবং অভিযানে এসআই মো. শাহাদাৎ হোসেনসহ ডিবির একটি দল অংশ নেয়। অভিযানে তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার এবং প্রায় ৬০ হাজার টাকা সমমূল্যের ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ বিষয়ে এস আই শাহাদাৎ হোসেন বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতরা একটি সক্রিয় মাদক চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে।