ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত গ্রেপ্তার ২

ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামে প্রীতি ফুটবল ম্যাচ খেলাকে কেন্দ্র করে বাবা ও ছেলের ছুরিকাঘাতে ইলিয়াস হোসেন (২৭) নিহত হয়েছে। সে ওই গ্রামের মৃত আঃ সাত্তারের ছেলে। এ হত্যাকাণ্ডে অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার বিকেলে ওই গ্রামের খেলার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ খেলা নিয়ে ইলিয়াসের সঙ্গে রাসেলের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ওইদিন গভীর রাতে রাসেল ও তার ছেলে সিয়াম আহমেদ ইলিয়াসের ওপর হামলা করে। তারা একপর্যায়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করে। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ হত্যাকান্ডের পর বাবা ও ছেলে পালিয়ে যায়। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং সোমবার সকালে তার লাশ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এরআগে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের রাসেল সেখ (৪২) ও সোহেল খানকে (৪০) গ্রেফতার করা হয়। এ ব্যাপারে নিহতের বড় ভাই বাদী ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় অভিযূক্ত অনান্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত