
নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুইদিন পর দীপু সরকার (১৬) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে উপজেলার মনিপুরা ঘাট সংলগ্ন একটি ইটভাটার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত দীপু উপজেলার চান্দেকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকার হান্নান সরকারের ছেলে। সে উপজেলার জ্ঞানগৃহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দীপু তার মামাবাড়ি উপজেলার হাইরমারা ইউনিয়নের মামুদপুর গ্রামে বেড়াতে এসেছিল। গত শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তিন জন সমবয়সি কিশোরের সঙ্গে মনিপুরা ঘাটে মেঘনা নদীতে গোসল করতে নামে একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তলিয়ে যায়। পরে সঙ্গে থাকা অন্য কিশোররা বিষয়টি স্থানীয়দের জানালে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কিশোরগঞ্জের ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল বেলা ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও দীপুর সন্ধান না পাওয়ায় অভিযান সমাপ্ত ঘোষণা করে তারা ফিরে যায়। এরপর গতকাল সোমবার সকালে স্থানীয় জেলেরা মনিপুরা ঘাট সংলগ্ন একটি ইটভাটার পাশে একটি লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি দীপু সরকারের বলে শনাক্ত করেন। দীপুর বাবা হান্নান সরকার জানান, এভাবে আমাদের ছেড়ে দীপু চলে যাবে, কখনো ভাবিনি। ছেলেকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। কিন্তু একটি দুর্ঘটনায় আজ সব স্বপ্ন শেষ হয়ে গেল।
রায়পুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, দীপু সরকার তার মামার বাড়িতে বেড়াতে এসে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার দুদিন পর সোমবার সকালে নদীর তীরে তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন এবং পরে লাশটি বাড়িতে নিয়ে যান।