ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

রাবি শিক্ষার্থীকে মারধর করায় আট ঘণ্টা রেল অবরোধ

রাবি শিক্ষার্থীকে মারধর করায় আট ঘণ্টা রেল অবরোধ

রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগ উঠেছে কর্তব্যরত টিটিইদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাসের চারুকলা সংলগ্ন রেললাইন অবরোধ করলে প্রায় আট ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। পরে প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের চার দফা দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ায় বিকাল সাড়ে ৩টার দিকে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফুরকান উদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, গতকাল সোমবার দিবাগত রাতে ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী ফেরার পথে তিনি দেখেন, যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই টাকা আদায় করছেন কয়েকজন টিটিই। এর প্রতিবাদ করলে ৬-৭ জন টিটিই তাকে পেছন থেকে গলা ধরে দুই বগির মাঝখানে নিয়ে যান। পরে ঘাড় ও পিঠে এলোপাতাড়ি মারধর করেন এবং একপর্যায়ে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ারও চেষ্টা করেন। এতে তার চশমা ভেঙে যায়।

ফুরকান উদ্দিন বলেন, রেলের টাকা রাষ্ট্রের সম্পদ। টিকিট ইস্যু না করে টাকা নেওয়ার বিষয়টি দেখে আমি প্রতিবাদ করি। এরপর তারা আমাকে ধরে নিয়ে মারধর করে। জানালার ধারে নিয়ে ধাক্কা দেয়। আমি পড়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। আমি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে এবং শত শত যাত্রী দুর্ভোগে পড়েন। আন্দোলনকারীরা চার দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো- অভিযুক্ত টিটিইকে শিক্ষার্থীদের সামনে এনে জবাবদিহির আওতায় আনা, ঘুষ ও দুর্নীতির অভিযোগে তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করে হত্যাচেষ্টার অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ, ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ প্রদান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে সব দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত