
রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) জুন ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা মঙ্গলবার পুলিশ কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। সভায় জানানো হয়, জুন মাসে মাদক ও অপরাধবিরোধী অভিযানে ১১০টি নন-এফআইআর মামলায় ১৮২ জন এবং ১৫৬টি মামলায় ১৫০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৬০টি মাদক মামলায় ৭৪ জন মাদককারবারিকে আটক করা হয়। অভিযানে ১ দশমিক ১১৪ কেজি গাঁজা, ৯৪৭ পিস ইয়াবা, ২২ গ্রাম হেরোইন, ৩৩ পিস ট্যাপেন্ডল, ১৬ বোতল ফেনসিডিল, দুটি অটোরিকশা, দুটি মোটরসাইকেল ও চোরাই এসি তার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৪ লাখ ৩১ হাজার ১৪০ টাকা।
পুলিশ কমিশনার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, কিশোর গ্যাং, সাইবার অপরাধ ও অন্যান্য অপরাধ দমনে গোয়েন্দা তথ্যভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অভিযান জোরদারের নির্দেশ দেন। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, অবৈধ পার্কিং ও বেপরোয়া যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান এবং জনগণকে আন্তরিক ও পেশাদার পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) অতিরিক্ত দায়িত্বে ডিসি (সিটিএসবি) হাবিবুর রহমান প্রমুখ।