
যশোরের কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের ওপর দু‘পাড়ের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা কাঠের সাঁকোটি ভেঙে পড়েছে। এর ফলে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হচ্ছে দু‘পাড়ের অর্ধ লক্ষাধিক মানুষ। স্থানীয়রা সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের ওপর দ্রুত ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে।
সরেজমিনে জানা যায়, ২০১১ সালে সাগরদাঁড়ি বাজারের সঙ্গে সাতক্ষীরা জেলার কলারোয়া ও তালা উপজেলার মানুষের যাতায়াতের জন্যে সাগরদাঁড়ি বাজার কমিটির উদ্যোগে কপোতাক্ষ নদের দু‘পাড়ের মানুষের কাছ থেকে বাঁশ ও অর্থ সংগ্রহ করে বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয়। সেই থেকে নদের ওপারের শার্শা, সানতলা, কৃষ্ণনগর, পাঁচপাড়া, সেনেরগাতী, সাারুলিয়া, ধানদিয়া, জয়নগর এবং এ পারের সাগরদাঁড়ি, কোমরপোল, চিংড়া, বগা, নেহালপুর, মহাদেবপুর, রেজাকাটি সহ দু‘পাড়ের প্রায় ৫০টি গ্রামের হাজার হাজার মানুষ ওই সাঁকো দিয়ে চলাচল করতো। দীর্ঘদিন ধরে নদের ওপারের মানুষজন ব্যবসা-বাণিজ্য, বাজার, সওদাসহ সব কর্মকাণ্ড সাগরদাঁড়ি বাজারে পরিচালনা করে আসছেন। ২০২৪ সালের শেষের দিকে বাঁশের সাঁকোটি ভেঙ্গে গেলে স্থানীয় বিএনপি নেতারা প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে বাঁশের পরিবর্তে কাঠ দিয়ে সাঁকোটি নির্মান করেন। প্রতিদিন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পর্যটকসহ শত শত মানুষের আগমণ ঘটে সাগরদাঁড়িতে। যার অধিকাংশ মানুষই যাতায়াতের জন্যে ওই সাঁকোটি ব্যবহার করে থাকেন। দীর্ঘদিন কাঠের সাঁকোটি সংস্কার না হওয়ায় গত শনিবার রাতে হঠাৎ ভেঙে পড়ে। যার কারণে সেই থেকে জনগণকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সাঁকোর মাথার বাসিন্দা সাগরদাঁড়ি গ্রামের আকবর আলী জানান, ২০২৪ সালের শেষের দিকে বাঁশের সাঁকোটি ভেঙে গেলে প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে কাঠ দিয়ে সাঁকোটি নির্মাণ করা হয়। এর মধ্যে ১ লাখ টাকা সরকারি বরাদ্ধ ছিল। সাঁকোটি ভেঙে যাওয়ার কারণে দু‘পাড়ের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাগরদাঁড়ি বাজারে ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে। এছাড়াও প্রতিদিন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পর্যটকসহ শত শত মানুষের আগমণ ঘটে সাগরদাঁড়িতে। এদের অনেকেই কপোতাক্ষ নদে নৌকা ভ্রমণ ও সাঁকো ব্যবহার করতো। জরুরি ভিত্তিতে সাঁকোটি নতুন করে নির্মাণ করার প্রয়োজন হয়ে পড়েছে। এর জন্য যে পরিমান অর্থের দরকার তা আমাদের নেই। সরকারি অর্থ ছাড়া সাঁকোটি নির্মাণ করা সম্ভব নয়। তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে সারদাঁড়িতে দ্রুত ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের ওপর নির্মিত কাঠের সাঁকোটি ভেঙে পড়লেও এ মুহুর্তে সংস্কার করা হচ্ছে না। এখানে একটি ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে কাগজপত্র পাঠানো হয়েছে। ব্রিজটি নির্মাণ করা হলে নদের দু‘পাড়ের মানুষের সমস্যার স্থায়ী সমাধান হবে।