
সিরাজগঞ্জের সলঙ্গা থানার চকগোবিন্দপুর গ্রামে কৃষক নুরু আলমের গোয়াল ঘর থেকে ৪ টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। একরাতে ৪ গরু চুরি হওয়ায় গোয়াল শূন্য পরিবার হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। জানা যায়, উক্ত কৃষক দীর্ঘদিন ধরে গরু পালন করে জীবিকা নির্বাহ করে আসছিল। গতকাল বুধবার ভোরের দিকে ওই কৃষকের গোয়াল ঘরে ঢুকে ৪টি গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা। সকালে ওই বাড়ির লোকজন গোয়াল ঘর শূন্য দেখতে পায়। এ গরুর আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা এবং এ ঘটনার পর থেকে ওই পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। আশা ছিল, কয়েক মাস পরে গরু বিক্রি করবে এবং লাভের টাকা দিয়ে আবার গরু কিনবে। এ বিষয়ে সলঙ্গা থানার ওসি আসলাম আলী আলোকিত বাংলাদেশকে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরি হওয়া গরুগুলো উদ্ধারে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।