
রাঙামাটির লংগদু উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। গতকাল বুধবার সকাল ১০টায় লংগদু উপজেলা পরিষদসহ সরকারের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সার্বিক উন্নয়ন ও দাপ্তরিক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন কর্মকর্তা-কর্মচারীরা। প্রশাসনিক সভা শেষে উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দীপেন দেওয়ান।
সভায় বক্তারা নানিয়ারচর-লংগদু সংযোগ সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানান। প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, “তারেক রহমানের নেতৃত্বের দূরদর্শিতায় লংগদু উপজেলার সার্বিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে নানিয়ারচর-লংগদু সংযোগ সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি দ্রুত বাস্তবায়ন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনীর এবং সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টোসহ জেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।