
মানিকগঞ্জে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে অনিয়মের দায়ে অপর একটি হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে। গতকাল বুধবার মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে লাইসেন্স দীর্ঘদিন নবায়ন না করা, কর্তব্যরত চিকিৎসক ও লেবার রুম না থাকা এবং প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় আল রাফী মেডিকেল সেন্টার, যমুনা জেনারেল হাসপাতাল ও মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এছাড়া মানিকগঞ্জ শিশু ও জেনারেল হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আল রাফী মেডিকেল সেন্টার ও যমুনা জেনারেল হাসপাতালের লাইসেন্স দীর্ঘদিন ধরে নবায়ন করা হয়নি। পরিদর্শনের সময় প্রতিষ্ঠান দুটিতে কোনো কর্তব্যরত চিকিৎসক ও লেবার রুম পাওয়া যায়নি। এছাড়া তিনটি প্রতিষ্ঠানের প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, মানিকগঞ্জে নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।