
পাবনার ফরিদপুরে আকিফ আনাস ডেইরি ফার্মে ভেজাল দুধ উৎপাদন করায় ভ্রাম্যমাণ আদালতে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
জানা গেছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে গত বুধবার বিকালে মনিটরিং কার্যক্রম চলাকালে ফরিদপুরে আকিফ আনাস ডেইরি ফার্মে অস্বাস্থ্যকর পরিবেশ, জেলি, ডিটারজেন্ট পাউডার এবং লেবেলবিহীন বিভিন্ন রাসায়নিক পদার্থ পাওয়া যায়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করলে উদ্ধারকৃত সামগ্রী ব্যবহার করে দুধ প্রস্তুত করা হয় বলে স্বীকার করেন। পরে ফরিদপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উক্ত প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফরিদপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন তিন লক্ষ টাকা জরিমানা করেন। এবং ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকবেন বলে লিখিত মুচলেকা নেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন পাবনার নিরাপদ খাদ্য কর্মকর্তা শামীম আহমেদ, ফরিদপুর উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সবুরসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকতারা।
পাবনার নিরাপদ খাদ্য কর্মকর্তা শামীম আহমেদ জানান, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ ধরনের মনিটরিং, অব্যাহত থাকবে।