
হবিগঞ্জে কাস্টমসের আমদানি-রপ্তানি সংক্রান্ত বিলের স্বাক্ষর ও সীল জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে পরিবহনের সময় প্রায় ৮০ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৩০০ কেজি (২১০ বস্তা) ভারতীয় জিরা এবং একটি কাভার্ডভ্যান জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
গত বৃহস্পতিবার রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত প্রায় ১১টার দিকে সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার অভ্যন্তরে পুরাতন মহাসড়কের তেলিয়াপাড়া রেলক্রসিং এলাকায় একটি বিশেষ তল্লাশি চেকপোস্ট স্থাপন করা হয়।
খবর ছিল, বিপুল পরিমাণ ভারতীয় জিরা কাভার্ডভ্যানে করে ঢাকার উদ্দেশ্যে পাচার করা হবে।
রাত সাড়ে ১২টার দিকে চেকপোস্ট থেকে প্রায় ২০০ গজ দূরে বিজিবির উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যানের চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় গাড়িটি তল্লাশি করে ২১০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
তল্লাশির সময় কাভার্ডভ্যানের ড্যাশবোর্ড থেকে বিভিন্ন স্ক্যানকৃত নথি, ভুয়া সীল এবং কাস্টমস কর্মকর্তার অফিসিয়াল সীল ও স্বাক্ষর জাল করে তৈরি করা চালান কপি উদ্ধার করা হয়। বিষয়টি যাচাই করতে তামাবিল ল্যান্ড কাস্টমস স্টেশনের সহকারী রেভিনিউ অফিসার সবুজ মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিশ্চিত করেন, উদ্ধার হওয়া চালান কপিগুলো জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নিষিদ্ধ পণ্য পরিবহনের অভিযোগে জিরার চালানটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় জিরা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে হবিগঞ্জ কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
৫৫ বিজিবি ব্যাটালিয়ন জানিয়েছে, দেশের অর্থনীতি সুরক্ষা এবং চোরাচালান সম্পূর্ণরূপে দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।