
নড়াইলে মনি মিয়া শেখ (৪৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে নড়াগাতী থানার পানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনি মিয়া শেখ জয়নগর ইউনিয়ন পরিষদের সদস্য এবং চর-জয়নগর গ্রামের সোনা মিয়া শেখের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, পুঠিমারি বাজার থেকে মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে পানিপাড়া গ্রামের জাহিদ মেম্বারের বাড়ির সামনে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা মনি মিয়া শেখের ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে তার হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পরে তাকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।