
জয়পুরহাটের আক্কেলপুরে চিরকুটে একাধিকবার প্রাণনাশ ও ক্ষয়ক্ষতির হুমকি দেওয়ার পরে একযোগে তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে বিভিন্ন প্রজাতির মাছ মারা গিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি। ঘটনাটি উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের হরিসারা চাপাগাছি গ্রামের মৎস্য চাষি কামরুজ্জামানের পুকুরে ঘটেছে। এ ঘটনায় মৎস্য চাষি কামরুজ্জামানের ছোট ভাই নুরজ্জামান বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
পুলিশ এবং ওই মৎস্য চাষি সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে ৬০ হাজার টাকা দিয়ে তিনটি পুকুর বর্গা নিয়ে মাছ চাষ শুরু করেন কামরুজ্জামান। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখেন, তার তিনটি পুকুরেই বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে উঠেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় তার পাঁচ লাখ টাকার মাছ নিধন হয়েছে বলে তিনি দাবি করেছেন। থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রায় চার মাস আগে গভীর রাতে তাদের বাড়ির খড়ের গাদায় আগুন দেওয়া হয়। এরপর কয়েকদিন ধরে অজ্ঞাত ব্যক্তি তাদের বাড়িতে চিরকুট ফেলে যায়। সেখানে ‘তোদের আর ছাড়ব না’ এবং ‘যেমন করেছিস, তেমন ফল পাবি’ এ ধরনের হুমকি লেখা ছিল। অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জের ধরে দুইজন প্রতিবেশী ও তাদের লোকজন বিভিন্ন সময়ে তাদের ক্ষতি করে আসছে।
ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি কামরুজ্জামান বলেন, ধারদেনা করে বর্গা নিয়ে তিনটি পুকুরে মাছ চাষ করেছি। সকালে পুকুরে গিয়ে দেখি রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, পাঙ্গাস, গ্রাসকার্প, বাটাসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে।