ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পাটের ভালো ফলনে খুশি কৃষক

সিরাজগঞ্জে পাটের ভালো ফলনে খুশি কৃষক

সিরাজগঞ্জে এবার পাট (সোনালি আঁশ) চাষে বাম্পার ফলন হয়েছে। এ অঞ্চলে পুরোদমে পাট কাটা শুরু হয়েছে। খাল বিলে বন্যার পানিতে জাগের পাট ধোয়া ও এড়ানো হচ্ছে। ইতোমধ্যেই এ নতুন পাট বাজারে উঠেছে। বাজারে দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ১৬ হাজার হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এ লক্ষ্যমাত্রার চেয়ে কৃষকেরা বেশি চাষাবাদ করেছে। খরচের তুলনায় লাভ বেশি তাই পাট চাষে ঝুঁকে পড়ে কৃষকেরা। তারা বিভিন্ন জাতের পাট বীজ সংগ্রহ করে বোপণ করেছেন। এ জেলার চরাঞ্চলসহ কাজিপুর, শাহজাদপুর, রায়গঞ্জ, উল্লাপাড়া, কামারখন্দ ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে এ পাট চাষ বেশি হয়েছে। এসব পাটের মধ্যে রয়েছে রবি ১, জেআরও ৫২৪ এবং দেশি ও তোষা ছাড়াও মেছড়া পাট উল্লেখযোগ্য। কৃষকরা বলছেন, প্রায় ৩ যুগ আগে এ জেলার বিভিন্ন স্থানে নানা জাতের পাট চাষ হতো। এসব পাট কাটা ও ধোয়ার কাজে বর্ষাকালে গ্রামাঞ্চলে হিড়িক পড়তো। পাটের শোলায় খাল বিল ও নদী নালার ঘাটে স্তূপ করে রাখা হতো। পাট চাষে খরচ বাদে লাভের অংকও ভালো ছিল। পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে জুটমিল বন্ধ হয়ে যায়। এতে ক্রমাগতভাবে পাটের চাষ কমে যায়। তবে বিশিষ্টজনেরা বলছেন, প্রায় ৯ বছর আগে দেশের বিভিন্ন স্থানে ক্রমাগতভাবে বেশ কিছু জুটমিল পুনরায় চালু হতে থাকে। এজন্য পাটের চাহিদা ও দামও কিছুটা বাড়তে থাকে। এবার পাট চাষে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে বাম্পার ফলন হয়েছে এবং উৎপাদন ও দাম ভালো থাকায় কৃষকেরা খুশি। কয়েক সপ্তাহ ধরে এ পাট কাটা পুরোদমে শুরু হয়েছে। বন্যার পানিতে যমুনা নদী ও তার শাখা নদীসহ খাল বিলে পানি ভরে উঠছে। কৃষকেরা পাট কেটে এসব স্থানে বন্যার পানিতে জাগ দিচ্ছে এবং এ জাগের পচন পাট ধোয়া ও এড়ানোর কাজ করছে কৃষক কৃষাণীরা। বর্তমানে এ নতুন পাট গড়ে ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকা মণ বিক্রি হচ্ছে স্থানীয় হাট-বাজারে। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক একেএম মঞ্জুরে মাওলা আলোকিত বাংলাদেশকে বলেন, সংশ্লিষ্ট উপজেলা কৃষি বিভাগের পরামর্শে এ পাট চাষ করা হয়েছে। খরচ কম লাভ বেশি হওয়ায় এ চাষ বাড়ছে। এ পাট চাষে বাম্পার ফলন হয়েছে। বাজারে দাম ভালো থাকায় কৃষকেরা খুশি বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত