ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

পূর্ণাঙ্গ চালু হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ

পূর্ণাঙ্গ চালু হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ

কখনো ধীরগতি, কখনো আশ্বাস, আবার কখনো অপেক্ষা সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। আগামী ৩০ জুলাই থেকে হাসপাতালটির জরুরি সেবাসহ পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

দীর্ঘ প্রতীক্ষার পর এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কুষ্টিয়াসহ আশপাশের কয়েক জেলার সাধারণ মানুষ। এখন আর সামান্য জটিল চিকিৎসার জন্য বা চরম জরুরি মুহূর্তে রাজশাহী, ঢাকা কিংবা খুলনায় দৌড়াদৌড়ি করতে হবে না। নিজের এলাকাতেই মিলবে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা। শনিবার দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকদের সাথে এক প্রাণবন্ত মতবিনিময়কালে এই তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) কুষ্টিয়ার কৃতি সন্তান অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান। মতবিনিময়কালে স্বাস্থ্য অধিদফতরের এই শীর্ষ কর্মকর্তা জানান, দুর্নীতি প্রতিরোধ ও শতভাগ অটোমেশনের মাধ্যমে জেলাটিকে পুরো খুলনা বিভাগের প্রধান ‘হেলথ হাব’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ডা. মো. জাহিদ রায়হান জানান, সেনা ক্যাম্প তুলে নেওয়ায় হাসপাতালের পুরো অবকাঠামো এখন স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণে। ৩০ জুলাই জরুরি বিভাগ চালুর পর আগামী এক-দুই মাসের মধ্যে ১৫টি অপারেশন থিয়েটার সচল করে ইনডোর ও আউটডোর সেবা বহুগুণ বাড়ানো হবে। তিনি দাবি করেন কঠোর নজরদারির কারণে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রাজস্ব আয় বেড়ে ৮-১০ লাখ টাকায় পৌঁছেছে। শতভাগ অটোমেশন ও ডিজিটাল বিলিং চালু হলে রাজস্ব আয় মাসে ৩০ লাখ টাকা ছাড়াবে বলে আশা করা হচ্ছে। সরকারি ফি আত্মসাৎ বন্ধে নেওয়া হয়েছে ‘জিরো টলারেন্স’ নীতি। রোগী ভাগিয়ে নেওয়ার দালালচক্র রুখতে চিকিৎসকদের জবাবদিহিতা ও কঠোর মনিটরিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সারা দেশে চিকিৎসক সংকট মেটাতে ৫ হাজার এমবিবিএস ডাক্তার, ৩০০ ডেন্টাল সার্জন এবং ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। এসময় প্রাক-প্রাথমিক ও গ্রামীণ পর্যায়ে রোগীদের সেবা ট্র্যাকিংয়ের জন্য খুব শিগগিরই ডিজিটাল হেলথ কার্ড চালু হবে বলেও জানিয়েছেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আকুল উদ্দিন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এইচ, এম, আনোয়ারুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কুষ্টিয়া জেলার নেতা ডা. নাসিমুল বারী বাপ্পীসহ আরো অনেকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত