
সারা দেশে সিএনজি গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে গুজবের প্রভাবে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পেট্রোল পাম্পে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন দেখা গেছে। হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় উপজেলার দুটি ফিলিং স্টেশনে কয়েক ঘণ্টার মধ্যেই পেট্রোল ও অকটেন শেষ হয়ে যায়।
তবে পাম্প কর্তৃপক্ষ বলছে, জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই। গতকাল সোমবার (২৭ জুলাই) সন্ধ্যার পর থেকেই সরবরাহ স্বাভাবিক হবে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার ইসলাম ফিলিং স্টেশন ও মিলেনিয়াম ফিলিং স্টেশনে সপ্তাহে প্রায় ৪০ হাজার লিটার জ্বালানির চাহিদা থাকলেও রেশনিং ব্যবস্থার কারণে পাওয়া যাচ্ছে তার অর্ধেকেরও কম।
গত তিন দিন ধরে ইসলাম ফিলিং স্টেশনে এবং শনিবার (২৫ জুলাই) মিলেনিয়াম ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন না থাকায় এলাকায় তেল সংকটের গুজব ছড়িয়ে পড়ে। এরপর রোববার (২৬ জুলাই) রাত থেকেই পাম্প দুটিতে মোটরসাইকেল আরোহীদের ভিড় বাড়তে থাকে, যা সোমবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল।
ইসলাম ফিলিং স্টেশনের পরিচালক প্রিন্সিপাল রফিকুল ইসলাম বলেন, শনিবার রাত ৯টার পর হঠাৎ করেই অসংখ্য মোটরসাইকেল পাম্পে আসে। অল্প সময়ের মধ্যেই সব তেল শেষ হয়ে যায়। সোমবার নতুন করে তেল আসবে।
মিলেনিয়াম ফিলিং স্টেশনের ম্যানেজার ইসরাফিল আলম বলেন, শুক্র ও শনিবার ডিপো থেকে তেল আনতে না পারায় শনিবার পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ ছিল। এরপরই তেল সংকটের গুজব ছড়িয়ে পড়ে। রোববার সন্ধ্যা থেকে অতিরিক্ত চাপের কারণে চার হাজার ৫০০ লিটার অকটেন শেষ হয়ে গেছে।
সোমবার সকাল ৯টার পর আর তেল ছিল না।
সন্ধ্যায় গাড়ি এলে আবার আগের মতো সরবরাহ শুরু হবে। তেল নিয়ে কোনো সংকট নেই। এদিকে তেল নিতে এসে অনেক গ্রাহক খালি হাতে ফিরে গেছেন।
তাদের দাবি, তেল সংকটের খবর শুনেই তারা পাম্পে ছুটে এসেছিলেন। এছাড়া গুজবের সুযোগ নিয়ে খোলাবাজারে প্রতি লিটার পেট্রোল ২০০ টাকায় বিক্রির অভিযোগও করেছেন কয়েকজন।