
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জব্দ করেছে নৌ পুলিশ। পরে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
গত রবিবার দিনব্যাপী দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথসহ পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব অবৈধ চায়না দুয়ারি উদ্ধার করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য এক লাখ ৫৬ হাজার টাকা।
অভিযান শেষে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাসের উপস্থিতিতে জনসমক্ষে জব্দ করা চায়না দুয়ারিগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, ‘জাটকা সংরক্ষণ এবং নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধে পদ্মা নদীতে নৌ পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’