
ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতি দিয়ে চাঁদা তোলার সময় হাতির ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে গিয়ে ১০ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা হাতির মাহুতকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে সদরপুর উপজেলার আটরশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আরিশা জান্নাত (১০ মাস) ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্লার মেয়ে।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শিশু আরিশাকে তার মা চিকিৎসকের কাছে নেওয়ার জন্য ব্যাটারিচালিত অটোরিকশায় করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথে আটরশি এলাকায় এক ব্যক্তি হাতি নিয়ে সড়কে বিভিন্ন যানবাহনের কাছ থেকে চাঁদা তুলছিলেন। এ সময় হাতির ধাক্কায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মায়ের সঙ্গে থাকা আরিশা অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন হাতির মাহুত বকুল মিয়াকে আটক করে গণপিটুনি দেয় এবং হাতিটিকেও আটকে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহুতকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বকুল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামের আনিস উদ্দিনের ছেলে।
সদরপুর থানার ওসি আব্দুল আল মামুন শাহ বলেন, ঘটনার পর হাতির মাহুতকে আটক করা হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। হাতিটিকেও হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।