
নরসিংদীর পলাশ উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খানসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। মতবিনিময় সভায় জেলা প্রশাসক উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন এবং বিভিন্ন সরকারি উন্নয়ন কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। তিনি জনগণের দোরগোড়ায় স্বচ্ছ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সভা শেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদের নতুন ভবনের সামনে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে তিনি পলাশ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে সেখানকার সেবার মান ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।