
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিষমডাঙ্গা গ্রামে তানিয়া ইসলাম (২০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত তানিয়া ওই গ্রামের শাহ পরানের স্ত্রী। এ ঘটনার পর স্বামী পলাতক রয়েছে। তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, উক্ত গ্রামের ছোরহাব আলীর মেয়ে তানিয়া ইসলামের সঙ্গে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সদরের আক্তার হোসেনের ছেলে শাহ পরানের গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ গভীর প্রেমের টানে প্রায় ৪ বছর আগে তাদের বিয়ে হয়। এ বিয়ের পর থেকে তাড়াশের ওই গ্রামেই বসবাস করছিল তারা। গত সোমবার রাতে প্রতিদিনের ন্যায় ওই গৃহবধূ স্বামীর সঙ্গে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। গতকাল মঙ্গলবার সকালে প্রতিবেশীরা ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি শুরু করে এবং তারা দেখতে পায় ওই গৃহবধূর লাশ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে স্বামী শাহ পরানের বিরুদ্ধে থানায় মামলা করেছেন । ইতোমধ্যে আসামি স্বামীকে গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে বলে উল্লেখ করেন ওসি।