ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে স্বামীকে কৌশলে ডেকে নিয়ে বেঁধে রেখে তার স্ত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবার রাত ১০টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামের আজিজ ঢালীর বাগানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার ভোরে ভোজেশ্বরের আচুরা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ।

আটকরা হলেন আচুরা গ্রামের মৃত আলমগীর বেপারীর ছেলে মো. রাব্বি (২৮), পালং উপজেলার আটিপাড়া এলাকার আব্দুল হাই খন্দকারের ছেলে হযরত আলী খন্দকার (৪২) এবং আচুরা গ্রামের মালেক খন্দকারের ছেলে ইমন খন্দকার (২৬)। নড়িয়া থানা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানাগেছে, গত সোমবার রাতে হযরত আলী খন্দকার নামে একজন মোবাইলে ফোন করে ভুক্তভোগীর স্বামীকে ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামের আজিজ ঢালীর বাগানে নিয়ে যায়। তিনি সেখানে পৌঁছালে রাব্বি, হযরত আলী খন্দকার, ইমন খন্দকারসহ আরও তিন থেকে চারজন অজ্ঞাত ব্যক্তি তাকে বেঁধে ফেলেন। পরে স্বামীকে দিয়ে সুকৌশলে তার স্ত্রীকে ফোন করে টাকা নিয়ে যেতে বাধ্য করা হয়। ভুক্তভোগী ঘটনাস্থলে পৌঁছানোর পর অভিযুক্তরা তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়ে। এ ঘটনায় নড়িয়া থানায় মামলার প্রস্তুতি চলছে। নড়িয়া থানার ওসি বাহার মিয়া বলেন, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়। ভুক্তভোগীকে শরীয়তপুর সদর হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত