
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনসাধারণের সমন্বয় জোরদার করতে র্যাব-১১ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জেলা শিল্পকলা একাডেমির হলরুমে র্যাব ফোর্সেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকার নির্দেশনায় র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এ অনুষ্ঠানের আয়োজন করে। এসময় উপস্থিত জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উন্মুক্ত মতামত গ্রহণ করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর মাদকের ভয়াবহতা, মাদকবিরোধী র্যাবের চলমান অভিযান, সাইবার অপরাধ প্রতিরোধে গৃহীত পদক্ষেপ, কিশোর গ্যাং দমনে সমন্বিত কার্যক্রম এবং সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নে র্যাবের ভূমিকা তুলে ধরেন।
বক্তারা বলেন, অপরাধ দমনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়; জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ও তথ্যভিত্তিক সহযোগিতা অপরিহার্য। তারা মাদক, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং, সাইবার অপরাধ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় র্যাব-১১, সিপিসি-১ এর পক্ষ থেকে জনগণকে আইনশৃঙ্খলা উন্নয়নে সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি অপরাধ প্রতিরোধে তথ্য আদান-প্রদান, জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের সমাপনী পর্বে বক্তারা র্যাব-১১, সিপিসি-১ এর জনকল্যাণমূলক কার্যক্রম, আর্তমানবতার সেবায় অবদান এবং অপরাধ দমনে পরিচালিত বিভিন্ন অভিযানের প্রশংসা করেন। পরে সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে টাউন হল মিটিংয়ের সমাপ্তি ঘোষণা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাখাওয়াত হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মোসাম্মৎ রীনা পারভীন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোফাজ্জল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মাহমুদুল হাসান তাপস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবীর, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান, নারায়ণগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার হুমায়ুন কবীর, নারায়ণগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান ভূঁইয়া, তোলারাম কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, হ্যারিটেজ স্কুলের প্রধান শিক্ষক কাউছার চৌধুরী, শ্রমিক দলের নেতা শাহ আলম পাটোয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, শিক্ষানুরাগী ও সমাজসেবক কাশেম জামাল, জেলা রোভার স্কাউটসের কমিশনার এসএম আরিফ মিহির, বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলার কমিশনার ফজলুল হক ভূঁইয়া মন্টু, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মশিউর রহমান রনি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।