
জাল নোট প্রচলন প্রতিরোধে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক পিএলসি ভূরুঙ্গামারী শাখার সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক রংপুর এই ওয়ার্কসপের আয়োজন করে। এতে বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক (ব্যাংকিং) দেওয়ান সিরাজ সভাপতিত্ব করেন। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক হাসান রুহী ইসলাম প্রধান আলোচক হিসাবে আসল ব্যাংক নোটের বিভিন্ন বৈশিষ্ট্য, নকল নোট চেনার উপায় ও জাল নোট পেলে করণীয় সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন। অন্যান্যের মধ্যে অগ্রণী ব্যাংক পিএলসির কুড়িগ্রাম অঞ্চল প্রধান সহকারী মহাব্যবস্থাপক এসএম আহসান হাবীব সরকার, ভূরুঙ্গামারী সরকারি কলেজ অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বক্তব্য রাখেন।